ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
যমুনার পানি বৃদ্ধিতে কাজীপুরে তীব্র নদীভাঙন, প্লাবিত হওয়ার ঝুঁকিতে লোকালয়

যমুনার পানি বৃদ্ধিতে কাজীপুরে তীব্র নদীভাঙন, প্লাবিত হওয়ার ঝুঁকিতে লোকালয়

এস এম আমিনুল ইসলাম, কাজীপুর (সিরাজগঞ্জ)

উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

যদিও মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় মেঘাই পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবুও নদীর তীব্র স্রোতের কারণে নিশ্চিতপুর ও চরগিরিশ ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক বসতভিটা, শত শত বিঘা আবাদি জমি এবং পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন তিনতলা স্কুল ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো বর্তমানে তীব্র হুমকির মুখে রয়েছে।

সরজমিনে গিয়ে জানা যায়, আষাঢ়ের শুরু থেকেই যমুনার পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। নদীভাঙনের তীব্রতায় নিশ্চিতপুর ইউনিয়নের চর ডোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডিগ্রি ডোরতা উচ্চ বিদ্যালয়ের পাকা ভবনটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রুহুল আমিন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া ও চরগিরিশ গ্রাম। সেখানে ইতোমধ্যে ৩০০টিরও বেশি ঘরবাড়ি, পাকা রাস্তা ও কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া আরও শতাধিক বসতবাড়ি, স্থানীয় বাজার, মসজিদ, মাদ্রাসা এবং বিস্তীর্ণ আবাদি জমি চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মিত তিনতলা ভবনটি যেকোনো মুহূর্তে নদীতে ধসে পড়তে পারে, কারণ এটি ভাঙন কবলিত নদী তীর থেকে মাত্র ১০০ গজের মধ্যে অবস্থান করছে। কোটি টাকা ব্যয়ে মাত্র চার মাস আগে উদ্বোধন করা এই বৃহৎ অবকাঠামোটি নদীভাঙন প্রবণ এলাকায় নির্মাণ করা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, নিশ্চিতপুর এলাকায় নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন