মুন্সীগঞ্জের কাছে লঞ্চে মুমূর্ষু গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসাসেবা ও উদ্ধার করল কোস্ট গার্ড
মুন্সীগঞ্জ প্রতিনিধি
জরুরি হটলাইন ‘১৬১১১’-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে ঢাকাগামী এক যাত্রীবাহী লঞ্চের মারাত্মক অসুস্থ গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি দোয়েল পাখি-১০’-এ করে এক ব্যক্তি তাঁর অসুস্থ গর্ভবতী স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে লঞ্চের মাস্টার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১-এ ফোন করে জরুরি চিকিৎসার আবেদন জানান।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত মাঝনদীতে গিয়ে লঞ্চটিতে ওঠে এবং অসুস্থ নারীকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুগ হাসপাতালে পৌঁছানোর সুবিধার্থে কোস্ট গার্ডের বোটে করে রোগীকে সরাসরি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। সেখান থেকে ইজি বাইকযোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

