ডার্ক মোড
Monday, 29 June 2026
ePaper   
Logo
ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত

ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত

মাহবুব পিয়াল, ফরিদপুর

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—"বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান"। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভিন্ন সরকারি দপ্তর ও আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ এই র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে কবি জসিমউদ্দীন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোজাহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম এবং জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক শিরীন আক্তার।

যুবসমাজকে মাদকের মরণকামড় থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

আলোচনা সভায় বক্তারা জোর দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগ এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন