নারায়ণগঞ্জে চোরাচালানের প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করল কোস্ট গার্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে একটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ১২ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত আটটার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অবৈধ মালামালগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে হস্তান্তর করা হয়েছে। দেশের জলপথ ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

