ডার্ক মোড
Friday, 03 July 2026
ePaper   
Logo
চাঁদপুরে ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ করল কোস্ট গার্ড

চাঁদপুরে ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ করল কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ‘চায়না দুয়ারী’ ও ‘কারেন্ট’ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল পুরান বাজারের একটি গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গুদাম থেকে ১০০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ১৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ জাল মজুত রাখার অপরাধে গুদাম মালিককে আর্থিক জরিমানা করেন। আদায়কৃত জরিমানার টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এরপর জব্দকৃত অবৈধ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

জাতীয় মৎস্য ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন