ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি লালমনিরহাটে বন্যার শঙ্কা

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি লালমনিরহাটে বন্যার শঙ্কা

মোঃ লাভলু শেখ লালমনিরহাট

তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সবগুলো নদীর পানি আবারও বেড়েছে। ফলে যে কোন সময় লালমনিরহাট, নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানে ভারতের পানির ঢল ও কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানিপ্রবাহ ৪বারের মতো বৃদ্ধি পেয়েছে।

ভারী বৃষ্টি আর উজানের এ ঢলের কারণে বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদীতীরবর্তী এলাকার উঁচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এসব বাঁধ চলতি বন্যায় বড় ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড এসব নিয়ে কাজ না করে ফেলে রাখে। বর্ষা এলে এসবের জরুরি মেরামতের নামে সরকারের কোটি কোটি টাকা লোপাট করা হয়। অথচ শুকনো মৌসুমে বাঁধ মেরামত করলে কাজগুলো যেমন পাকাপোক্ত হতো। তেমনি নদীভাঙন ও বন্যার ক্ষতি থেকেও রক্ষা পাওয়া যেতো।

নদীপাড়ের বালাপাড়া গ্রামের তসর উদ্দিন বলেন, কয়েক দিন ধরে পানি বাড়া-কমা করছিল। আজকে বাড়ার পরিমাণটা বেশি। চরাঞ্চলের অনেক বাড়িতে পানি উঠতে শুরু করেছে। বন্যা এলেই এলাকায় শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম কষ্টে থাকতে হয়। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়েও আমাদের কষ্টের শেষ নেই। এ সবের মাঝেও থাকে সাপ-পোকার প্রাদুর্ভাব। বন্যা যত দিন থাকে। আমাদের কষ্ট তার চেয়েও বেশি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের পানিপ্রবাহ অব্যাহত থাকায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে হালকা বন্যা দেখা দিতে পারে। বন্যার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে রোববার রাত থেকে তিস্তা নদীতে পানিপ্রবাহ বেড়ে যায়। সোমবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘ হতে পারে। উজানের ঢলের ওপরই নির্ভর করছে পানির চাপ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন