টেকনাফের শাহপরীতে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফের শাহপরীতে সোমবার প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

