ঝিনাইদহে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময় ও অনুদান বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
দেশজুড়ে তৃণমূল পর্যায়ের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং এর সুষম উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। শুক্রবার ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী ঝিনাইদহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও সংশ্লিষ্টদের মাঝে অনুদানও বিতরণ করেন।
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় জেলার শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজের সকল অন্ধকার, অনগ্রসরতা ও কুসংস্কার দূর করে সমাজকে আলোর পথ দেখায়। পরে এক উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি, নানা সম্ভাবনা ও বিভিন্ন সংকটের কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে বেশ কিছু গঠনমূলক প্রস্তাব পেশ করেন।

