ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
ওএমএস-এর চাল ও আটা জব্দ: চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

ওএমএস-এর চাল ও আটা জব্দ: চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস (OMS)-এর ২১০ কেজি চাল এবং ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এই ঘটনায় ওএমএস ডিলার এবং চুয়াডাঙ্গা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকা থেকে সরকারি চাল ও আটা বোঝাই একটি আলমসাধু (ডিজেলচালিত স্থানীয় যান) আটক করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত খাদ্যসামগ্রী সরকারের ওএমএস কর্মসূচির পণ্য।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন (৪৭)—তাঁর ওএমএস গোডাউন চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় হওয়া সত্ত্বেও—সরকারি চাল ও আটা আলমসাধুযোগে সাতগাড়ী এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ওএমএস-এর মালামাল পাচারের এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে আলমসাধু থেকে ৭ বস্তা সরকারি ওএমএস-এর চাল এবং ২ বস্তা আটা উদ্ধার করা হয়। জব্দকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা ছিল।

এই অপরাধে চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকার শামসুল হক মালিকের ছেলে সোহেল আহমেদ মালিক সুজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমান। সরকারি চাল ও আটা জব্দ করায় তারা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অভিযুক্ত ডিলারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে বিক্রি করার চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, "সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন