ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা’র নতুন কমিটি: মোবারক সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা’র নতুন কমিটি: মোবারক সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

পেশাগত ঐক্য জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় নিয়ে ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচনে এই নতুন কমিটি গঠন করা হয়। ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে গঠিত ১৫ সদস্যের এই নতুন কার্যনির্বাহী কমিটিতে ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর চিফ নিউজ এডিটর মো. ফেরদৌস মোবারক সভাপতি এবং ‘বাংলাভিশন’-এর বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ‘দৈনিক আমাদের সময়’-এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বার্ষিক সাধারণ সভা ও এই নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও ‘দৈনিক খবরের কাগজ’-এর সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘লাইফ টিভি’-এর সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিজেএফডি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ‘দৈনিক সমকাল’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মেসবাহুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, ‘দৈনিক ভোরের কাগজ’-এর অনলাইন কান্ট্রি এডিটর মীম ওবায়দুল্লাহ সাংগঠনিক সম্পাদক এবং ‘দৈনিক খবরের কাগজ’-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ‘বাংলাদেশ কণ্ঠ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক তাসকিনা ইয়াসমিন দপ্তর সম্পাদক এবং ‘মুহূর্ত নিউজ’-এর সম্পাদক শাহানাত হোসেন মাসুম প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতজন সংবাদকর্মী। তাঁরা হলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ‘দৈনিক ইত্তেফাক’-এর সহকারী সম্পাদক ফয়জুল ইসলাম, ‘খবরের কাগজ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম, ‘মানবজমিন’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আল আমিন, ‘নকশী ডট টিভি’-এর সম্পাদক মো. মামুনুর রশিদ এবং ‘একাত্তর টেলিভিশন’-এর রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংগঠনের নবনির্বাচিত ও বিদায়ী নেতৃবৃন্দ সিজেএফডি’র সামগ্রিক কার্যক্রমকে আরও বেশি গঠনমূলক ও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা সংগঠনের সকল সদস্যকে পেশাগত কল্যাণ ও পারস্পরিক সহযোগিতায় একযোগে কাজ করার আহ্বান জানান, যেন জাতীয় গণমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সম্ভাবনা ও ন্যায্য অধিকারের কথা আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ জুন প্রতিষ্ঠার পর থেকে ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় গণমাধ্যমের সাহায্যে আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে এই ফোরাম একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিরলসভাবে কাজ করে আসছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন