ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
ইউরোপে নারী কর্মী প্রেরণে আনসার-ভিডিপির ডিজিটাল ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার সূচনা

ইউরোপে নারী কর্মী প্রেরণে আনসার-ভিডিপির ডিজিটাল ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার সূচনা

নিজস্ব প্রতিবেদক

প্রতারণামূলক দালালের চক্র এবং ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধের লক্ষ্যে ইউরোপের দেশ মলদোভায় দক্ষ নারী কর্মী প্রেরণের জন্য সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটালাইজড নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এই উদ্যোগের আওতায় বাহিনীর কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন আনসারের (ডিএমএ) অধীনস্থ টাউন ডিফেন্স পার্টির (টিডিপি) ৩০০ জন নারী সদস্যের যোগ্যতা মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা ইউরোপে নিরাপদ ও বৈধ কর্মসংস্থানের এক নতুন পথ উন্মোচন করবে।

আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের রূপকল্প ও দূরদর্শী পরিকল্পনায় এই বিশেষ নিয়োগ মডেলটি তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের তদবির, স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়ম রোধ করতে বাহিনীর সদর দপ্তরে প্রতিটি মূল্যায়ন স্তর তদারকির জন্য ৫টি বিশেষায়িত নির্বাচন কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করছে।

গত বুধবার দুই দিনব্যাপী এই প্রাথমিক বাছাই বা স্ক্রিনিং প্রক্রিয়া শুরু হয়, যার প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন আনসারের উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন যোগ্য টিডিপি নারী সদস্য অংশ নেন। মূল মূল্যায়নে যাওয়ার আগে প্রার্থীরা বিদেশে কর্মসংস্থানের আগ্রহের বিষয়ে একটি "স্ব-ঘোষণা" (Self-Declaration) ফরমে স্বাক্ষর করেন। গতানুগতিক খাতা-কলমের পরীক্ষার পরিবর্তে প্রার্থীরা কড়া নজরদারিতে যার যার স্মার্টফোনের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে গুগল ফরমের (Google Forms) মাধ্যমে সরাসরি লাইভ লিখিত পরীক্ষায় অংশ নেন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) একই কঠোর ডিজিটাল প্রোটোকলের আওতায় ঢাকা মেট্রোপলিটন আনসারের দক্ষিণ ও পশ্চিম জোনের আরও ১৬১ জন নারী টিডিপি সদস্যকে নিয়ে দ্বিতীয় ধাপের কার্যক্রম পরিচালিত হয়। প্রযুক্তি-ভিত্তিক লিখিত পরীক্ষার পাশাপাশি এই নির্বাচন প্রক্রিয়ায় উচ্চতা ও ওজনের সঠিক পরিমাপসহ কঠোর শারীরিক ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। এরপর ৫টি কমিটির সমন্বয়ে গঠিত যৌথ জুরি বোর্ডের সামনে প্রার্থীরা মৌখিক সাক্ষাৎকারে অংশ নেন।

মানুষের কোনো ধরনের হস্তক্ষেপ বা কারচুপি সম্পূর্ণ দূর করতে প্রতিটি স্তরের প্রাপ্ত নম্বর ও মূল্যায়নের সূচকগুলো সরাসরি একটি বিশেষায়িত সফটওয়্যারে ইনপুট দেওয়া হচ্ছে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি সম্পূর্ণ স্বাধীনভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত মেধা তালিকা ও মূল্যায়ন র‍্যাঙ্কিং তৈরি করছে, যা তরুণ নারী প্রার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক আস্থার জায়গাটিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই উদ্যোগটি কেবল কর্মী নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মান বজায় রাখতে কঠোর গুণগত মান নিয়ন্ত্রণকে (Quality Control) সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ইউরোপের আর্থ-সামাজিক ও কর্মপরিবেশের সাথে মানসিকভাবে তৈরি করার জন্য একটি বিশেষায়িত ও উচ্চতর প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন