সফল রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা ‘অত্যন্ত জরুরি’: ফখরুল
নিজ্বস প্রতিনিধি
একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত এবং ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “একটি সফল রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন বলে
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গণঅভ্যুত্থানে টানা দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বহুল আলোচিত সময় পেরিয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করেছে বিএনপি।
প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরা দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা যদি ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করি, তাহলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সফল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”
দেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার চ্যালেঞ্জের কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আমাদের মনে রাখতে হবে একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি।”
জনগণের প্রতি জবাবদিহিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।”
বিগত পনের বছরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল মন্তব্য করে মন্ত্রী বলেন, সেগুলো পুনরায় সচল ও কার্যকর করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা মানে কেবল প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা।”
গ্রামের মানুষের দুর্দশার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “গ্রামের মানুষ কষ্টে রয়েছে, এটি শুধু একটি আবেগের কথা নয়, বরং একটি বাস্তব সামাজিক সত্য।”
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেই কষ্ট লাঘবে কাজ চলছে তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত।”
তিনি বলেন, “দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণে সকলে মিলে কাজ করতে হবে।”
নির্বাচনি ইশতেহার ও বিএনপির ঘোষিত ৩১ দফাকে জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এগুলো বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা দেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তরের প্রধানরা।

