ষড়যন্ত্রকারীদের রাজনীতি আগামী ৫ বছরের মধ্যে শেষ হয়ে যাবে -খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন তা থেকে দেশের মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায় নীতি সততার সাথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি ষড়যন্ত্রী মহল এই সরকার সফল হোক তা তারা চায় না। কারণ বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে আগামী ৫ বছরে তাদের রাজনীতি থাকবেনা এটা তারা বুঝে গেছে। তারা শুধু বিরোধীতার জন্য বিরোধীতা, নন-ইস্যুকে ইস্যু করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে। জনগণ আমাদের পাশে আছে তাই কোন রকম চক্রান্ত ষড়যন্ত্র করে এই সরকারের অগ্রযাত্রাকে কেউ ব্যহত করতে পারবেনা।
মঙ্গলবার(২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

