ডার্ক মোড
Tuesday, 11 August 2026
ePaper   
Logo
মাদারীপুরে পদ্মা থেকে বালু লুটের অভিযোগ,ফুঁসে উঠেছে নদীতীরের মানুষ,ড্রেজার বন্ধে আলটিমেটাম, চর জানাজা নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

মাদারীপুরে পদ্মা থেকে বালু লুটের অভিযোগ,ফুঁসে উঠেছে নদীতীরের মানুষ,ড্রেজার বন্ধে আলটিমেটাম, চর জানাজা নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

মীর ইমরান- মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নির্বিচারে বালু উত্তোলন ও বিক্রি করছে-এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কয়েক দিনের মধ্যে ব্যবস্থা না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারী বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবচরের কাঁঠালবাড়ি, চরজানাজাত ও চরচান্দ্রা এলাকার পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। পরে এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর তীরের মাটি আলগা হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে নদীতীরবর্তী ফসলি জমি, বসতভিটা, সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামীতে ব্যাপক নদীভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বক্তারা বলেন, পদ্মা নদী কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। একটি মহল নিজেদের স্বার্থে নদীকে ধ্বংস করে সাধারণ মানুষের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে ফেলছে। অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অভিযান পরিচালনা করা না হলে ক্ষতিগ্রস্ত হবে নদীতীরবর্তী হাজারো মানুষ।

তারা আরও বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয় যাই হোক না কেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু অভিযান চালিয়ে ড্রেজার সরিয়ে নিলে হবে না, অবৈধ বালু উত্তোলনের মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার চলাচল ও বালু উত্তোলন বন্ধ করা না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে নদী রক্ষায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মেম্বর মোঃ মোতালেব বেপারীসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে নদীভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন