মাদকবিরোধী প্রচারণায় প্রথম পুরস্কার পেল পপুলার লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে মাদক প্রতিরোধে অসামান্য সচেতনতামূলক প্রচারণা, মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালি আয়োজনের স্বীকৃতিস্বরূপ প্রথম পুরস্কার লাভ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গত শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর হাতে প্রথম পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মাদক ব্যাধির বিরুদ্ধে সামাজিক ও জাতীয় পর্যায়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার গুরুত্বকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক বিদেশি কূটনীতিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

