ডার্ক মোড
Wednesday, 09 September 2026
ePaper   
Logo
বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীতে ৩০ ফুটের মৃত তিমি উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীতে ৩০ ফুটের মৃত তিমি উদ্ধার

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। 
 
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে তিমিটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্ধারমানিক নদীতে প্রবেশ করে। কয়েক দিন আগে তিমিটির মৃত্যু হওয়ায় শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে তিমিটিকে নদীর তীরের দিকে নিয়ে এলেও পরে দুর্গন্ধের কারণে আবার নদীতে ভাসিয়ে দেন। খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন।
 
বন বিভাগ জানায়, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। নমুনা সংগ্রহের পর পরিবেশ দূষণ এড়াতে নিরাপদ স্থানে তিমিটিকে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।
 
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন