ডার্ক মোড
Sunday, 26 July 2026
ePaper   
Logo
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মো. দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও আইটি সুপারভাইজার নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তথ্য সংগ্রহকারীদের পরীক্ষা বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এবং সুপারভাইজার ও আইটি সুপারভাইজারদের পরীক্ষা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পৌরসভা ও ১৫টি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও আইটি সুপারভাইজার পদের বিপরীতে মোট ১,১৬০ জন প্রার্থী আবেদন করেন, যার মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বেষ্টনী উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্য সংরক্ষণ নিশ্চিত করা হবে, যার ফলে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড সেবা আরও স্বচ্ছ ও দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে। প্রকৃত স্বল্প আয়ের পরিবারগুলো ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে।

তিনি আরও জানান, সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি তালিকা তৈরি করা হবে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি অন্তর্ভুক্ত হতে না পারেন। এই কর্মসূচি সফল করতে তিনি উপজেলার সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন