পোস্তগোলায় ৫৫.৮৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, আটক ১: কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
রাজধানীর পোস্তগোলা ব্রিজের কাছে পরিচালিত এক অভিযানে আনুমানিক ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় পণ্যের একটি বিশাল চালান জব্দ এবং এক সন্দেহভাজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল শনিবার সন্ধ্যা ৭টা থেকে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ৩ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় এনার্জি ড্রিংকস, সানগ্লাস, বাসমতি চাল এবং প্রাকৃতিক ভেষজ নির্যাস (হিমালয়ান শিলাজিৎ রেজিন) উদ্ধার করা হয়।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যানটি বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত অতিক্রম করে পণ্য চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান পূর্ণশক্তিতে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

