ডার্ক মোড
Friday, 25 September 2026
ePaper   
Logo
পাথরঘাটায় সাত কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ জন

পাথরঘাটায় সাত কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ জন

জাকির হোসেন খান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
 
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
 
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা থানার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। 
 
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি। কোস্ট গার্ডের দাবি, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
 
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া গ্রামের মানিক সরদারের ছেলে সোহাগ সরদার (৩২), মহিপুর থানার পশ্চিম খাজুরা গ্রামের মোঃ আলম মোল্লার ছেলে মো. মঞ্জু মোল্লা (৩২), রাঙ্গাবালীর মৌডুবি গ্রামের মোহাম্মদ নাসির হাওলাদার এর ছেলে মো. সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া থানার খলিলপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন গাজীর ছেলে মো. রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী গ্রামের সাজান হাওলাদার এর ছেলে বেল্লাল হাওলাদার (৪৫)।
 
বৃহস্পতিবার(২৪-০৯-২৬)  সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাথরঘাটায় সাত কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ জন

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন