পরিবার বলছে হত্যা, গুঞ্জন আত্মহত্যা—পাটগ্রাম মহাসড়কে লাশ নিয়ে বিচার দাবিতে মানববন্ধন
মোঃ লাভলু শেখ লালমনিরহাট
পরিবার বলছে হত্যা, গুঞ্জন আত্মহত্যা, বিচারের দাবিতে পাটগ্রাম মহাসড়কে মানববন্ধন। জানা গেছে,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে। সংঘর্ষের ঘটনায় ফিরোজ হোসেন (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও, স্থানীয়দের একাংশের মুখে আত্মহত্যার গুঞ্জন শোনা যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে, একই এলাকার শাহিন, সাবলু ও স্বাধীন নামে ৩জনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাছ কাটাকে কেন্দ্র করে ফিরোজের সঙ্গে অভিযুক্তদের তীব্র বিরোধ চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে একপর্যায়ে ফিরোজ গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।
ফিরোজের মৃত্যুর পর ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় ও ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে এলাকার সাধারণ বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সংবাদের সত্যতা যাচাই ও বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত ৩জনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁদের কাউকে পাওয়া যায়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে ফিরোজের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে, সোমবার ৩ আগস্ট বিকেল ৫টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী পাটগ্রাম উপজেলা সদরের, আন্তঃজেলা মোড়ে নিহতের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কিছু সময়ের জন্য ওই গুরুত্বপূর্ণ সড়কে, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৮ টার দিকে আন্দোলনকারীরা মানববন্ধন ও অবরোধ তুলে নেন।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নিহতের দাফন সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

