ডার্ক মোড
Wednesday, 12 August 2026
ePaper   
Logo
নীলফামারী জলঢাকার চরাঞ্চলে উন্নয়নের কাজ শুরু করেছি,আরও বরাদ্দ আসবে : এমপি সালাফি

নীলফামারী জলঢাকার চরাঞ্চলে উন্নয়নের কাজ শুরু করেছি,আরও বরাদ্দ আসবে : এমপি সালাফি

নীলফামারী সংবাদদাতা 
নীলফামারীর জলঢাকা উপজেলার ২ নং ডাউয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে মঞ্চারের ঘাট ব্রিজ ও সংযোগ সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।


রবিবার (৯ আগস্ট ২০২৬) বিকেলে তিনি মঞ্চারের ঘাট এলাকায় গিয়ে চলমান ব্রিজ ও সড়ক সংস্কার, উদ্বোধন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা শোনেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্চারের ঘাট ব্রিজটির প্রস্থ সাড়ে ৮ ফুট ও দৈর্ঘ্য প্রায় ৩৬০ ফুট। ব্রিজটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় এক কোটি টাকা। পাশাপাশি ব্রিজ থেকে পূর্ব দিকে প্রায় ১ হাজার ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের কাঁচা রাস্তা সংস্কারে কাবিখা প্রকল্পের আওতায় পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিজের উত্তর পাশের প্রায় ১ হাজার ৮০০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের কাঁচা রাস্তা সংস্কারে কাবিটা প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুর রহমান সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক খায়রুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি হালিমুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোনায়েম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি ইদ্রিস আলী, ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুসা লালখা, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান, গোলমুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামিয়ার রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে গোলমুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামিয়ার রহমান বলেন, এমপির আর্থিক সহযোগিতায় ডাউয়াবাড়ী-হলদীবাড়ী সড়কের সংস্কারকাজ এগিয়ে চলছে।

তবে ডাউয়াবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ভাঙা ব্রিজের কারণে পার্শ্ববর্তী এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী সড়কগুলোর অবস্থাও নাজুক। এসব রাস্তা ও ব্রিজের দিকে সংসদ সদস্যের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার বলেন, জলঢাকা উপজেলার পূর্বাঞ্চলের ডাউয়াবাড়ী, গোলমুন্ডা, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী ও বন্যাপ্রবণ চরাঞ্চল। বর্ষা মৌসুমে এসব এলাকার যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। চরাঞ্চলের রাস্তাগুলোতে ইট বিছিয়ে টেকসইভাবে সংস্কার করা হলে মানুষের চলাচল অনেক সহজ হবে।


তিনি আরও বলেন, নির্বাচনের সময় চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কাজের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংসদে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের জন্য আরও বরাদ্দ আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, মঞ্চারের ঘাট ব্রিজ ও সড়ক সংস্কারকাজ সরেজমিনে দেখে ভালো লেগেছে। ইতোমধ্যে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা দিয়ে কাজ শেষ না হলে প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা ও বরাদ্দ দেয়া হবে। রাস্তার জন্য জমি দিয়ে সহযোগিতা করা স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের পাশে আমি আছি এবং থাকব। আপনারা যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এখন আমার জন্য দোয়া করবেন—যেন সুস্থ থেকে আপনাদের জন্য কাজ করতে পারি। আমি বিরোধী দলের সংসদ সদস্য হলেও সংসদের মাধ্যমে জলঢাকা উপজেলার মানুষের জন্য যতটুকু সম্ভব বাজেট ও উন্নয়ন বরাদ্দ আনার চেষ্টা করব। তিনি আরও বলেন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির, কবরস্থান, স্কুল-কলেজসহ জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন