দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার নতুন ভূষিরবন্দর এলাকায় আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিহত ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার দুপুরে জেলার সদর উপজেলার ভূষিরবন্দর বেগুনতাড়া গ্রামের স্লুইচগেট সংলগ্ন আত্রাই নদীতে ৩ শিশু গোসল করতে নামে। এ সময় ১ শিশু সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হলেও শর্মি ও বৃষ্টি নামের ২ শিশু পানিতে তলিয়ে যায়।
বুধবার রাত সাড়ে ১২টায় দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশু শর্মির (১২) মরদেহ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকাল ১০টায় আত্রাই নদীর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সদর উপজেলার ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে শিশু বৃষ্টির (১১) মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হল- জেলার সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের হাড়গাঁ গ্রামের মো. শফিকুল ইসলামের কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী শর্মি ইসলাম (১২) এবং একই গ্রামের মো. বাবুল ইসলামের কন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১১)।
বৃহস্পতিবার বাদ যোহর জানাজা শেষে জেলার সদর উপজেলার হাড়গাঁ গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দুই শিশুর লাশ দাফন করা হয়েছে।

