বরগুনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪৪৮ হিজরি উপলক্ষে বরগুনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম মণি। গেস্ট অফ অনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বরগুনায় ০১- আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্। সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাম্য, শান্তি, মানবতা ও ন্যায়বিচারের আদর্শ তুলে ধরে তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশন, সিরাত একাডেমির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

