ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
জনসেবায় মানবিক নেতৃত্ব:   তাড়াইলের ইউএনও তানজিলা আখতারের ব্যতিক্রমী উদ্যোগ

জনসেবায় মানবিক নেতৃত্ব: তাড়াইলের ইউএনও তানজিলা আখতারের ব্যতিক্রমী উদ্যোগ

 
 
জুবায়ের আহমাদ জুয়েল,  তাড়াইল (কিশোরগঞ্জ) 
 
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার-এর নেতৃত্বে বদলে যাচ্ছে তাড়াইল উপজেলার প্রশাসনিক সেবার চিত্র। জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। মানবিকতা, সততা ও দায়িত্ববোধ দিয়ে অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এই কর্মকর্তা।
 
তাড়াইল উপজেলা পরিষদে প্রতিদিনই বিভিন্ন সমস্যা নিয়ে আসেন সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত জটিলতা, সামাজিক নিরাপত্তা ভাতা, শিক্ষা সহায়তা কিংবা পারিবারিক বিরোধ সবক্ষেত্রেই ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে মানুষের কথা শুনছেন ইউএনও তানজিলা আখতার। অফিসকেন্দ্রিক প্রশাসনের গণ্ডি পেরিয়ে তিনি সরাসরি মাঠপর্যায়ে গিয়ে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, “আগে প্রশাসনের কর্মকর্তাদের কাছে যেতে ভয় লাগত। এখন ইউএনও ম্যাডামের কাছে সহজেই কথা বলা যায়। তিনি মন দিয়ে মানুষের কথা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেন।”
 
বন্যা, অতিবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার মাধ্যমে মানবিক প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি সহায়তা যেন সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নজরদারি করছেন তিনি। এতে স্থানীয়দের মাঝে প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে।
শিক্ষা ও সচেতনতায় গুরুত্ব
তাড়াইলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করছেন ইউএনও তানজিলা আখতার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে তিনি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষাই পারে একটি সমাজকে বদলে দিতে। তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
 
নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছেন তিনি। বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এতে নারীদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
 
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ ও সেবামূলক মনোভাবের কারণে তাড়াইলবাসীর কাছে একজন জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ইউএনও তানজিলা আখতার। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে তাড়াইল উপজেলা আরও উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাবে।
জনসেবাকে ব্রত হিসেবে নিয়ে কাজ করা এই কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যেই তাড়াইলের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন