চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে ১২৭ মণ জাটকাসহ দশ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, গোপন সংবাদে মঙ্গলবার গভীররাতে কোস্টগার্ড হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালায়।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “অভিযান চলাকালীন মেঘনা নদীর চরভৈরবী সংলগ্ন এলাকায় একটি কাঠের বোট তল্লাশি করে প্রায় ৫ হাজার ১০০ কেজি বা ১২৭ মণ জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়।
পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের দুই হাজার টাকা অর্থদণ্ড এবং প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান তিনি।
ওমর ফারুক বলেন, আটক জেলেদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা আর জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

