গাইবান্ধায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাদের হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবির কর্মীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছেদুর রহমান মকছুদ, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন এবং সদস্যসচিব ওয়ালিদ শাকিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর জামায়াত-শিবির কর্মীদের আচমকা ও নৃশংস হামলার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। তাঁরা অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

