কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান: কক্সবাজারে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগরেট জব্দ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে উখিয়া থানার সাথে এক যৌথ অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা আনুমানিক ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে স্থান থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা 'অরিস' (Oris) ব্র্যান্ড এবং ৪০ হাজার শলাকা 'প্যাট্রন' (Patron) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

