ডার্ক মোড
Tuesday, 14 July 2026
ePaper   
Logo
কোস্ট গার্ডের অভিযান: ভোলায় অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জমাদ্দার ও তার ৩ সহযোগী আটক

কোস্ট গার্ডের অভিযান: ভোলায় অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জমাদ্দার ও তার ৩ সহযোগী আটক

ভোলা প্রতিনিধি

স্থানীয় সাধারণ জনগণের সক্রিয় সহায়তায় ভোলার একটি বিশেষ অভিযান পরিচালনা করে অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার ফিরোজ জমাদ্দার এবং তার ৩ সক্রিয় সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ রবিবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় যখন ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার সংলগ্ন বালিয়া কান্দি চরে একদল ডাকাত একটি সশস্ত্র ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সাথে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের মূল চক্রটিকে আটকে রাখেন এবং তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে খবর দেন।

খবর পেয়ে আজ রবিবার দুপুর আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড বেস ভোলার একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ডের এই অভিযানে ১টি একনলা দেশীয় বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি ধারালো দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে সমবেত জনতার সহায়তায় কোস্ট গার্ডের দলটি কুখ্যাত ডাকাত সর্দার ফিরোজ জমাদ্দার (৫৫) ও তার ৩ সহযোগীকে আনুষ্ঠানিকভাবে নিজেদের হেফাজতে নেয়।

আটককৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও নৌকাসহ তাদের স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চলে অপরাধী চক্র দমন এবং দীর্ঘমেয়াদি জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড তাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন