বুড়িগঙ্গা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ কেবল পরিবেশ রক্ষায়: মন্ত্রী রবিউল আলম
নিজস্ব প্রতিবেদক
নবনির্মিত বুড়িগঙ্গা নদী রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি মূলত পূর্বের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুসংস্থান (ইকোসিস্টেম) ফিরিয়ে আনার জন্যই অপসারণ করা হচ্ছে বলে স্পষ্ট করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। তিনি আশ্বস্ত করে বলেন, এই মাটি কাটার ফলে ভায়াডাক্টের কাঠামোগত স্থায়িত্ব ও সুরক্ষায় কোনো ধরনের ঝুঁকি বা হুমকি নেই এবং এটি নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মেনেই করা হচ্ছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতাধীন ভায়াডাক্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি একটি প্রভাবশালী স্থানীয় মহল অবৈধভাবে মাটি বিক্রি করছে এবং এর ফলে সেতুর পিলার ঝুঁকির মুখে পড়ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ উঠেছে, তাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করে দেন মন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, সেখানে অননুমোদিত বা বাণিজ্যিকভাবে কোনো অবৈধ মাটি খনন বা বিক্রির ঘটনা ঘটছে না।
মন্ত্রী শেখ রবিউল আলম ব্যাখ্যা করে বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রকল্প এলাকার পরিবেশকে প্রকল্পের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি আইনগতভাবে বাধ্য। নির্মাণের সময় ব্যবহৃত সব ধরনের অস্থায়ী অবকাঠামো ভেঙে ফেলা এবং ভরাট করা (ব্যাকফিল) অতিরিক্ত মাটি অপসারণ করাও সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বেরই অংশ।
তিনি গণমাধ্যমকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান এবং এই কাজে স্থানীয় জনগণের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

