ঢাকার নতুন এডিসি হিসেবে যোগ দিচ্ছেন জাবের মো. সোয়াইব
মো. মুজিবুর রহমান পাটোয়ারী
চাঁদপুরের কৃতি সন্তান ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জাবের মো. সোয়াইবকে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ ও সুপরিচিত কর্মকর্তা। এই নতুন দায়িত্বে আসার আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখায় জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
জাবের মো. সোয়াইব চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং হাজিগঞ্জ মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের পর থেকে জাবের মো. সোয়াইব দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং মাঠপর্যায়ে কাজের ক্ষেত্রে বিশেষ দক্ষতা ও সুনামের স্বাক্ষর রেখেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে সচিবালয় পোস্টিংয়ের আগে তিনি বান্দরবানের আলীকদম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং দিনাজপুরের বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবেও দক্ষতার সাথে কাজ করেছেন।
সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন অত্যন্ত দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত জাবের মো. সোয়াইবের রাজধানীর জেলা প্রশাসনে এই নতুন নিয়োগকে সকলে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্ট মহল এবং তাঁর স্থানীয় এলাকাবাসী গভীর আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন কর্মস্থলেও তিনি তাঁর চেনা দক্ষতা ও সততার পরিচয় দেবেন এবং সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ ও জনবান্ধব সরকারি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

