মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জোরারগঞ্জ থানা পুলিশের আভিযানে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া এসব রড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রডের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। শুক্রবার বিকালে এক প্রেস বিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল।
প্রেস বিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল বলেন, গত ১৪ আগস্ট বিকাল আনুমানিক ৩টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় ট্রাকবোঝাই লোহার রড চুরি হয়। ঘটনার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে জোরারগঞ্জ থানা পুলিশ কার্যক্রম শুরু করে।
তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে গত বুধবার বারইয়ারহাট এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকের হেলপার মোঃ হাদিছ মোল্লাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদপুর বাজারস্থ “আয়ান এন্টারপ্রাইজ” নামক দোকান থেকে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়।
প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম।

