ভাষাভিত্তিক বীর 'ভাষা মতিন'-এর অসুস্থ স্ত্রীর পাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
স্টাফ রিপোর্টার
ভাষা আন্দোলনের বীর সেনানী মরহুম আব্দুল মতিন (ভাষা মতিন)-এর অসুস্থ স্ত্রী গুলবদান নেসা মনিকার শারীরিক অবস্থা ও সামগ্রিক স্বাস্থ্যের খোঁজখবর নিতে বুধবার ঢাকার মোহাম্মদপুরস্থ বাসভবনে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী ঐতিহাসিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আব্দুল মতিনের অসাধারণ অবদান, রাজনৈতিক সংগ্রাম এবং অসীম ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা শহিদ ও ভাষা সংগ্রামীদের আত্মত্যাগ ও আদর্শ আমাদের নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।
সংস্কৃতি মন্ত্রী গুলবদান নেসা মনিকার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর চিকিৎসার সহায়তার জন্য ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে ৫ লাখ টাকার একটি আর্থিক অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেন।
চেক হস্তান্তরকালে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং মরহুম ভাষা বীর আব্দুল মতিনের দুই কন্যা বাসভবনে উপস্থিত ছিলেন।

