বামনায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ!
বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির বর্তমান ও সাবেক সভাপতি এবং এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উপাধ্যক্ষ নিয়োগে ১৫ লাখ টাকা ও আড়াই শতাংশ জমি গ্রহণ, আয়া নিয়োগে প্রায় ৫ লাখ টাকা এবং নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে।
এছাড়া, শিক্ষার্থীদের টিউশন ফি, মাদ্রাসার বাগানের গাছ বিক্রির অর্থসহ বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
অভিযোগকারী মাসুম বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় এসব অনিয়মের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর। তিনি বলেন, নিয়োগে কোনো ঘুষ বাণিজ্য হয়নি এবং নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সভাপতি মো. আ. জলিল আকন্দ বলেন, অভিযোগে উল্লেখিত নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না এবং তাঁর সময়ে কোনো নিয়োগ হয়নি। অর্থ আত্মসাতের বিষয়েও তিনি অবগত নন।
সাবেক সভাপতি আবু সালেহ নান্টুও তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে প্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান। এলাকাবাসী ও সচেতন মহল অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

