বাংলাদেশকে শ্রমভিত্তিক অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব এনাম
স্টাফ রিপোর্টার
বিজ্ঞান, প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব এনাম বলেছেন, বাংলাদেশকে শ্রমভিত্তিক অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
এই লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যাডভান্সড চিপ ডিজাইন এবং বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতগুলোর উন্নয়নে জোরেশোরে কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ প্রযুক্তির কেবল ভোক্তা বা ব্যবহারকারী হিসেবে নয়, বরং উদ্ভাবক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
রবিবার ঢাকার নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী 'জাতীয় সেমিকন্ডাক্টর সেমিনার এবং বিইএআর সামিট ২০২৬'-এর দ্বিতীয় দিনে "বাংলাদেশ ডিপ-টেক ফিউচার" শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আলোচনাকালে তিনি ভবিষ্যতের প্রযুক্তি পণ্য ও সেবা উদ্ভাবন এবং রপ্তানির ক্ষেত্রে "মেড ইন বাংলাদেশ" ব্র্যান্ডকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশ ও সম্প্রসারণে সার্বিক সহায় অব্যাহত রাখার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজের এই শিল্পগুলোকে নেতৃত্ব দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে।
তাঁর বক্তব্যের পর গ্লোবাল একাডেমি প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারডিউ ইউনিভার্সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দিমিত্রিওস পেরুলিস। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, পারডিউ ইউনিভার্সিটির অধ্যাপক ও 'সিলিকন রিভার বাংলাদেশ'-এর চিফ আর্কিটেক্ট প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসেন এবং নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

