আদালতের আদেশের পর শপথ নিলেন ফটিকছড়ির নবনির্বাচিত এমপি সারওয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
নির্বাচনের দীর্ঘ ১৪৬ দিন পর এক চড়াই-উতরাই পূর্ণ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির টিকিটে নির্বাচিত সারওয়ার আলমগীর। তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় এবং পরবর্তীতে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের পর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে তিনি শপথ গ্রহণ করেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁকে সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সারওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন। এই রায়ের ফলে তাঁর নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ এবং আইনপ্রণেতা হিসেবে তাঁর শপথ নেওয়ার ক্ষেত্রে সমস্ত আইনি বাধা দূর হয়।
গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন। আদালতে শুনানি চলাকালে সারওয়ার আলমগীরের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় সারওয়ার আলমগীর বলেন, "আলহামদুলিল্লাহ! সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে এবং সত্যের জয় হয়েছে। এই জয় ফটিকছড়ির সর্বস্তরের জনগণের আস্থা ও ভালোবাসার জয়।" সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ফটিকছড়ির মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করার তাঁর এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।
হাইকোর্টের রায় এবং এই শপথগ্রহণের মধ্য দিয়ে সারওয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন শুরু করলেন।

