ডার্ক মোড
Saturday, 15 August 2026
ePaper   
Logo
সাতক্ষীরায় একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

সাতক্ষীরায় একযোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি

সমগ্র দেশের সঙ্গে একযোগে সাতক্ষীরায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট, ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এককালীন এই আর্থিক সুবিধা হাতে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়ে সারা দেশের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। তাদের শেষ বয়সের রাষ্ট্রীয় পাওনা যথাসময়ে বুঝিয়ে দেওয়া সরকারের দায়িত্ব।সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে স্থানীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির।এছাড়াও সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠান মঞ্চে এবং দর্শকাসনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুবিধাভোগী অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের মেধা ও শ্রমের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, "শিক্ষক ও কর্মচারীরা সমাজ গঠনে যে অনবদ্য অবদান রেখে গেছেন, তার কোনো বিকল্প হয় না। জীবনের শেষভাগে এসে এই অর্থ তাদের চিকিৎসাসহ জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।" তিনি উপস্থিত সকলের সুন্দর, সুস্থ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ কামনা করেন।জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কয়েকশত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এই কার্যক্রমের আওতায় কোটি কোটি টাকার চেক ও ডিজিটাল ট্র্যান্সফারের মাধ্যমে তাদের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার অর্থ হাতে পেয়েছেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা ফাইলের জটিলতা কেটে গেল।অর্থের চেক হাতে পেয়ে অশ্রুসিক্ত চোখে এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, "কর্মজীবন শেষ করার পর এই টাকার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে। আজকে একযোগে এই অর্থ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারব।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন