সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অধ্যাপক ডা. জাহিদ হোসেন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। প্রাথমিক ভাবে হয়ত কাজটা শুরু করতে দেরি হতে পারে কিন্তু দিনশেষে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে, আমরা আপনাদের পাশে থেকে সবাই মিলে একসাথে এমন একটা সমাজ গঠন করতে চাই যেখানে আমরা সুষমভাবে অর্থাৎ যেটাকে সুশাসন বলে যেখানে কারো প্রতি কোন অবিচার হবে না। কেউ কষ্ট করে না খেয়ে থাকবে না আবার কেউ বেশি খাবে তাও হবেনা। সবার জন্য মিনিমাম সুযোগ-সুবিধা যেন সৃষ্টি হয় সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
ফ্যামিলি কার্ডের জন্য আপনাদের কোথাও খুঁজতে বা দৌড়াতে হবে না। "আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। ফ্যামিলি কার্ড আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে।”
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল (বাংলা স্কুল) মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে। ১৮ বছরে বিয়ে করা যায় কিন্তু ২০ বছরের আগে বাচ্চা নিলে মায়ের শরীর ভেঙ্গে যায়। আর ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, “আগামী দিনে আমরা একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চাই। এজন্য শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের জন্য আপনাদের কোথাও খুঁজতে বা দৌড়াতে হবে না। “আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে আপনাদের বাড়িতেই।”
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা প্রমুখ।

