ডার্ক মোড
Sunday, 12 July 2026
ePaper   
Logo
সঞ্জীবন প্লাটুন সদস্যদের আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান আনসার ও ভিডিপি মহাপরিচালকের

সঞ্জীবন প্লাটুন সদস্যদের আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান আনসার ও ভিডিপি মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ রবিবার কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মহাপরিচালক ‘সঞ্জীবন প্রকল্প’-এর চলমান কার্যক্রম পর্যালোচনা করেন, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ‘সামার এক্সারসাইজ-২০২৬’ (গ্রীষ্মকালীন মহড়া) পরিদর্শন করেন। এ সময় তিনি জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্লাটুন সদস্যদের দক্ষতা ও জনসেবার সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

সকালে মহাপরিচালক লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সাথে ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন এবং সদস্যদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন। আলোচনা সভায় তিনি প্লাটুনের বাস্তবায়ন কৌশল, কর্মপরিকল্পনা, ব্যক্তিগত ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ডিজি উল্লেখ করেন যে, টেকসই প্রকল্প পরিচালনার জন্য সঠিক আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে তিনি পরিবেশবান্ধব সৌর প্যানেল (সোলার প্যানেল) স্থাপনের পরামর্শ দেন। মহাপরিচালক আশ্বস্ত করেন যে, আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি দক্ষতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পর্যায়ক্রমে বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হবে।

দিনের শেষভাগে মহাপরিচালক লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সামার এক্সারসাইজ-২০২৬’ পরিদর্শনে যান। জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার, আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি এবং একটি জনসম্পৃক্ত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই সামরিক মহড়ায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো আনসার ও ভিডিপি-এর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবক সদস্যরা অংশ নিয়েছেন।

মহড়ায় অংশগ্রহণকারী সঞ্জীবন প্লাটুনের সদস্যদের উদ্দেশ্যে ডিজি বলেন, "সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের নিরাপত্তা ও প্রয়োজনে যেকোনো মুহূর্তে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার মানসিকতা লালন করতে হবে।" তিনি আরও বলেন, সেনাবাহিনীর সাথে এই যৌথ মহড়ার মাধ্যমে অর্জিত সামরিক জ্ঞান, কৌশল ও দক্ষতা নিজ নিজ প্লাটুনের অন্যান্য সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

মহাপরিচালক সদস্যদের পরম সততা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার কঠোর নির্দেশ দেন এবং যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। তাঁর এই পরিদর্শন এবং কৌশলগত দিকনির্দেশনা যুদ্ধাভ্যাস মহড়ায় নিয়োজিত সদস্যদের মাঝে এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে। পরিদর্শনকালে ডিজির সাথে কুমিল্লা রেঞ্জ কমান্ডার মহ. মাহবুবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন