ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
সেন্ট মার্টিনে দুর্যোগকবলিত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

সেন্ট মার্টিনে দুর্যোগকবলিত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

টানা বর্ষণ ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়া ও সংকটে থাকা অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের কর্মীরা গত শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিচ্ছিন্ন এই প্রবাল দ্বীপের অত্যন্ত ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। টানা পাঁচ দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় এই পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটে পড়েছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সুজন জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং জাতীয় সংকটের সময়ে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয় যে, মৌসুমী এই বৈরী আবহাওয়ায় জনগণের দুর্ভোগ লাঘব করতে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই বাহিনীর উদ্ধার অভিযান, মানবিক নজরদারি এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন