ডার্ক মোড
Saturday, 04 July 2026
ePaper   
Logo
ভিয়েৎসকে পাচ্ছে না লিভারপুল, শঙ্কা আছে পরের ম্যাচ ঘিরেও

ভিয়েৎসকে পাচ্ছে না লিভারপুল, শঙ্কা আছে পরের ম্যাচ ঘিরেও

স্পোর্টস ডেস্ক

পিঠের সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। তাই জার্মান মিডফিল্ডারকে আরও একটি ম্যাচে পাচ্ছে না লিভারপুল। আগামী সপ্তাহেও তার ফেরার সম্ভাবনা দেখছেন না অ্যানফিল্ডের দলটির কোচ আর্না স্লট।

গত মাসের শেষ সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে গা গরমের সময় পিঠে চোট পান ভিয়েৎস। প্রিমিয়ার লিগে ১-০ ব্যবধানে জেতা ওই ম্যাচে খেলতে পারেননি ২২ বছর বয়সী ফুটবলার।

গত শনিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচেও ভিয়েৎসকে পায়নি লিভারপুল। মঙ্গলবার উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে তারা।

 

আগের দিন সংবাদ সম্মেলনে স্লট বলেন, পরের ম্যাচে ভিয়েৎসের ফেরা একটু বেশিই তাড়াহুড়া হয়ে যাবে।

“আমার মনে হয়, (মঙ্গলবারের ম্যাচ) তার ফেরার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে তাকে পাওয়া যাবে না, এটা আশাও করিনি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া মাঝেমধ্যে যেমন ইতিবাচকভাবে এগোয়, তেমনি নেতিবাচক মোড়ও নিতে পারে। এখন মনে হচ্ছে তার সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না। তবে মঙ্গলবার সম্ভবত একটু বেশিই দ্রুত হয়ে যায়।”

“বর্তমান অবস্থা বিবেচনায়, পরের সপ্তাহেও তার ফেরাটা একটু কঠিনই হবে।”

 

লিভারপুলের জার্সিতে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছেন ভিয়েৎস। ছয়টি গোল করার পাশাপাশি আটটি করেছেন অ্যাসিস্ট।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন