ডার্ক মোড
Thursday, 25 June 2026
ePaper   
Logo
বেইলি রোডে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা’ শুরু ২৭ জুন

বেইলি রোডে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা’ শুরু ২৭ জুন

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ের রাসায়নিকমুক্ত তাজা ফল, অনন্য কৃষি ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ২৭ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আগামী ২৯ জুন পর্যন্ত এই মেলা চলবে। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পাহাড়ি ফলের সুবাস, বৈচিত্র্যময় জীবন’।

আগামী শনিবার (২৭ জুন) সকাল ১০টায় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দিপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবান আসনের সংসদ সদস্য সচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা।

মেলায় তিন পার্বত্য জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির প্রতিনিধিত্বকারী মোট ৩০টি বিশেষায়িত স্টল অংশ নেবে। দর্শনার্থী ও নগরবাসীরা মেলায় আম, আনারস, কাঁঠাল ও কলার মতো পরিচিত ফলের পাশাপাশি রক্তগোটা (রস্কো), রামবুটান ও বুনোবেলের মতো দুর্লভ ও বৈচিত্র্যময় বিষমুক্ত তাজা মৌসুমী ফল পরখ ও কেনার সুযোগ পাবেন। ফলের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং কোমর তাঁতের কাপড় প্রদর্শনের মাধ্যমে তাদের খাঁটি জীবনযাত্রাও মেলায় তুলে ধরা হবে।

আয়োজকেরা জানান, এই মেলা কেবল একটি বাজারই নয়, বরং এটি শহুরে ক্রেতাদের সঙ্গে পার্বত্য অঞ্চলের প্রান্তিক কৃষকদের একটি টেকসই সেতু বন্ধন তৈরি করবে এবং তাদের উৎপাদিত জৈব পণ্যের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি সন্ধ্যায় তিন পার্বত্য জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা সফল করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন