ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি অবৈধ রিসাইক্লিং কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল (ইঞ্জিন অয়েল), কাঁচামাল এবং তেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করে জানান, ওই অনুমোদনহীন কারখানায় ব্যবহৃত ও নষ্ট পোড়া তেল প্রক্রিয়াজাত করে বাজারে নকল লুব্রিকেন্ট হিসেবে বাজারজাত করা হতো।

কোস্ট গার্ড জানায়, এই অবৈধ ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেস চট্টগ্রাম এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি সমন্বিত দল গত সোমবার (২২ জুন, ২০২৬) দুপুর আনুমানিক ৩টার দিকে এই যৌথ অভিযান পরিচালনা করে। কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত ওই উৎপাদন কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব্রিকেন্ট, ভারী যন্ত্রপাতি এবং তেল প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।

অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারখানাটি সিলগালা করে দেয় এবং আগামী ১৫ দিনের জন্য কারখানার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।

জব্দকৃত ভেজাল লুব্রিকেন্ট, কাঁচামাল এবং অন্যান্য সরঞ্জাম চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থ সুরক্ষায় ভবিষ্যতে কোস্ট গার্ডের এ ধরনের জালিয়াতিবিরোধী কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন