পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ডের এক ভোরে পরিচালিত অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধারসহ এক অবৈধ মাংস কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়া খালে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানকালে একটি সন্দেহভাজন কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪.২৪ লাখ টাকা মূল্যের অবৈধ হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত ট্রলারটি বাজেয়াপ্তসহ ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত হরিণের মাংস, চামড়া ও ট্রলারটি পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপকূলীয় ও বনাঞ্চল সংলগ্ন সীমান্ত এলাকায় বন্যপ্রাণী শিকার, অবৈধ গাছ কাটা ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

