ডার্ক মোড
Saturday, 04 July 2026
ePaper   
Logo
নীলফামারীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে নীলফামারীতে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি নীলফামারী বড় বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে ডিসি মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আবদুস সাত্তার। এ ছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপি (NCP) জেলা আহ্বায়ক আবদুল মজিদ এবং খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আবদুস সালাম। গণমিছিলে জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

অনুরূপভাবে জেলার জলঢাকা উপজেলাতেও ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি জলঢাকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে এক পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের পরিচালনায় এই পথসভায় বক্তব্য রাখেন এবি পার্টির (AB Party) জলঢাকা উপজেলা সেক্রেটারি আবদুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ জাফর আহমেদ, জেলা সহ-সভাপতি জাহিদুল ইসলাম, এনসিপি জলঢাকা উপজেলা সভাপতি আহসান হাবিব, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেস ক্লাব সভাপতি কামারুজ্জামান এবং উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন