জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নিউজিল্যান্ডকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আরও বেশি হারে আমদানির বিষয়টি বিবেচনার আহ্বান জানান। এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি এ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান। এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানো এবং শিক্ষা ও গবেষণায় আরও সহযোগিতার অনুরোধ জানান তিনি। নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রগতির প্রশংসা করেন। তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও অবদানের প্রশংসাও করেন। সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিলর (কৃষি) মেলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

