কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় ভূমিমন্ত্রী: ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও সুষম ব্যবহারে গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার
সরকারি ভূমি বরাদ্দ ও ভূমি অধিগ্রহণে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ, জনস্বার্থ রক্ষা এবং ভূমির সুষম ব্যবহার বজায় রাখাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জনঅসন্তোষ রোধকল্পে স্বচ্ছতার সাথে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি জমি রক্ষায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রাথমিক ও চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, কোতোয়ালি ও বাকলিয়া মৌজায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খাল পুনঃখনন ও সম্প্রসারণ প্রকল্প এবং চাতুরী-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক-ফকিরনীহাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য জুলধা, বদলপুরা, শিকলবাহা ও শাহমিরপুর মৌজার ভূমি অধিগ্রহণ। এছাড়া নেত্রকোনা সদর উপজেলায় ১৩২ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্যও ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।
শিল্প উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় 'নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড'-এর অনুকূলে ভূমির প্রাথমিক অনুমোদন এবং 'মেঘনা ইকোনমিক জোন লিমিটেড'-এর জন্য ১.৮৬৫২ একর ভূমির চূড়ান্ত অধিগ্রহণ অনুমোদন লাভ করে।
পাশাপাশি বিভিন্ন জেলা ভূমি বরাদ্দ কমিটি থেকে সুপারিশকৃত ৫০ বিঘার অধিক ভূমি অধিগ্রহণের বেশ কিছু প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জামালপুর সড়ক বিভাগের অধীনে সড়ক উন্নয়ন কাজ, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২১টি মৌজায় জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্প, চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি উপজেলায় বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ এবং যশোরের অভয়নগর উপজেলায় 'যশোর রফতানি প্রক্রিয়াকরণ এলাকা' (জেপিজেড) প্রকল্প।
এছাড়া স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ অনুযায়ী বগুড়ার 'বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর জন্য পূর্বে অধিগ্রহণকৃত জমি জনকল্যাণমূলক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন উদ্দেশ্যে ব্যবহারের (Repurposing) অনুমোদন দেওয়া হয়।

