ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
আগুন সন্ত্রাসীদের ধরে যেখানে পাবেন আগুনে নিক্ষেপ করুন : শেখ হাসিনা

আগুন সন্ত্রাসীদের ধরে যেখানে পাবেন আগুনে নিক্ষেপ করুন : শেখ হাসিনা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় গতকাল রোববার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি হচ্ছে আগুন সন্ত্রাসী, আর জামায়াত হচ্ছে খুনি দল। তারা প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে।

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এসব আগুন সন্ত্রাসীদের যেখানে পাবেন তাদেরকে ধরে আগুনে নিক্ষেপ করুন, তা হলে তাদের শিক্ষা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ করে উন্নয়নের কাজ আর বিএনপি করে ধ্বংসের কাজ। তাদের কাজই হচ্ছে ধ্বংস করা, দেশকে পিছিয়ে নেওয়া।

তিনি বলেন, আমরা সকল শ্রেণী পেশার মানুষের জন্য সুবিধার ব্যবস্থা করে দিয়েছি। গ্রামীণ রাস্তা-ঘাট থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি। কথা দিয়েছিলাম ঘরে ঘরে আলো জ্বলবে, আমরা সেই কথা রেখেছি। এখন দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা গ্রহণ করা হচ্ছে। ভর্তুকি দিয়ে দেশের মানুষের জন্য খাদ্য পণ্য সরবরাহ করে যাচ্ছি।

তিনি বিএনপির চলমান আগুন সন্ত্রাসের উদ্বৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০০৭ সালে তারেক রহমান মুচলেখা দিয়েছিল আর কোনো দিন রাজনীতি করবেনা। এখন লন্ডনে পালিয়ে থেকে দেশে আগুন দিয়ে গাড়ি পোড়ার কথা বলে। তাকে আমি বলতে চাই ‘আরে বেটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে আয়। দেখি তোর সাহস কত।’

তিনি চলমান ফিলিস্তিনের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনির হাসপাতালে বোমা নিক্ষেপ করে বিএনপির সন্ত্রাসীরা ঠিক সেভাবে মানুষের উপর হামলা করছে। এতে আমারতো মনে হয় তারা কী ইসরাইলের জারজ সন্তান কি না!

তিনি প্রিয় নরসিংদীবাসীর প্রতি উদ্বার্থ আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং নরসিংদীর ৫টি আসনেই বিজয়ী করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন, আমি যাকে মনোনয়ন দিবো তার পক্ষেই কাজ করতে হবে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নরসিংদী সদর আসনের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম, শিবপুরের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, আড়াইহাজারের নজরুল ইসলাম এমপি, মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াছমিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী এবং নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

এর আগে দুপুর পৌনে একটার দিকে প্রধানমন্ত্রী নরসিংদীর পলাশ উপজেলায় দেশের বহু কাঙ্খিত ফার্টিলাইজার প্রকল্প অর্থাৎ এশিয়ার বৃহত্তম সার কারখানা হিসেবে খ্যাত ‘পলাশ-ঘোড়াশাল সার কারখানা’ উদ্বোধন করেছেন। এখন থেকে কারখানাটিতে পুরোদমে চলবে উৎপাদন। বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ লাখ মেট্রিক টন এবং দৈনিক উৎপাদন ধরা হয়েছে ২ হাজার ৮০০ মেট্রিক টন।

উদ্বোধনের পর সেখানে পলাশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকের এই প্রকল্পের পেছনে আমাদের বন্ধুপ্রতিম দেশ জাপান ও চীনের সহায়তার জন্য আমরা ধন্যবাদ জানাই। একই সংগে ধন্যবাদ জানাই শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সভাপতিত্বে এই সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন