টেকনাফে ৬ লাখ টাকার ২০ কেজি গাঁজা জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার অধীনস্থ নাইতং পাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের সদস্যরা ওই এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজার এই চালানটি উদ্ধার করেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জব্দকৃত এই মাদকের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

