সীতাকুণ্ডে শিপইয়ার্ডে মৃত্যু ৯, ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ইয়ার্ডের তিন শীর্ষ কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সঙ্গে ইয়ার্ড কর্তৃপক্ষের সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকায় অবস্থিত ইয়ার্ডটিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে ইয়ার্ড ইনচার্জ নাসির উদ্দিন (৩৮), সেফটি ইনচার্জ সুজন (৩৫), ফোরম্যান মুনসুর আলী (৪০), ভাটিয়ারী এলাকার ঠাকুর সনির বাড়ির প্রদীপ দাশের পুত্র সানি জলদাস (২২) ও হরেন্দ্র দাশের পুত্র পলাশ জলদাস (৩০), মৌলভীপাড়ার নাছির (৪০), সেকান্দর মিয়ার পুত্র মুনছুর (৪৬), প্রদীপ, হাবীন এবং সুজন।
আহতরা হলেন- রনি, আনিস, দিপু দাশ, মিলন এবং লিকন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
এলাকাবাসী জানান, দুর্ঘটনার পর বিষয়টি মালিক পক্ষ ধামা চাপা দিতে গিয়ে শ্রমিক নিহত ও আহত সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। দুর্ঘটনা সাথে সাথে শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যবস্থা করলে এত শ্রমিকের ক্ষতি হতো না।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে হঠাৎ কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পান তারা। পরে কয়েকজন সেখানে গিয়ে অসুস্থ শ্রমিকদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেন। এরপর স্ক্র্যাপ জাহাজের ভেতরে কয়েকজন শ্রমিকের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের চট্টগ্রামের শ্রম পরিদর্শক শাহেদ পারভেজ তালুকদার জানান, পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস ও ধোঁয়া ইয়ার্ডের বাইরেও ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ফেরদৌস স্টিলের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। কয়েক মাস আগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নিরাপত্তা ত্রুটি এবং বন্ধের দিনেও কার্যক্রম পরিচালনার অভিযোগে এক মাস আগে তিনি বাদী হয়ে শ্রম আদালতে একটি মামলাও দায়ের করেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম জানান, শিপইয়ার্ডে বিস্ফোরণ হয়ে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও আহত হয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, একটি স্ক্র্যাপ জাহাজ কাটিং করার সময় বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারি, মূল বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
# আনোয়ারুল হক নিজামী মিরসরাই চট্টগ্রাম।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

