নিউ ইয়র্কে কুয়েতের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক
যুক্তরাষ্ট্র ব্যুরো
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার কুয়েতের যুবরাজ হিস হাইনেস শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউ ইয়র্কে জাতিসংঘে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁদের মেয়াদে পারস্পরিক শ্রদ্ধা, প্রীতি ও সহযোগিতার যে ভিত্তি স্থাপিত হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন তিনি।
দ্বিপাক্ষিক আলোচনায় কুয়েতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়েও আলোচনায় আলোকপাত করা হয়, যেখানে উভয় পক্ষই অভিন্ন স্বার্থে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ-কুয়েত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তিসহ সম্ভাবনাময় খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় চলমান এই সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় নেতা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

